পূর্বধলা, নেত্রকোনা।
নেত্রকোনার পূর্বধলায় চার কেজি গাঁজাসহ ইউনুস খান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত ইউনুস খানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নরনারায়ণপুর গ্রামের মৃত আছির খানের ছেলে।
এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম নরনারায়ণপুর গ্রামে ইউনুস খানের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার ঘর থেকে একটি প্লাস্টিকের বস্তায় খাকি রঙের স্কচটেপে মোড়ানো দুটি পোটলায় মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন