এ কে এম রুহুল আমিন, স্টাফ রিপোর্টার:
সরকারের চলমান বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরা এবং দীর্ঘদিনের প্রাণের দাবি ‘দক্ষিণ গফরগাঁও’কে পৃথক উপজেলা হিসেবে গঠনের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী স্কুলের বাজার পল্লী সেবক স্কুল মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু বলেন, “বর্তমান সরকার প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তন ও জীবনমান উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অবকাঠামোর আধুনিকায়নে দেশজুড়ে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রার সুফল তৃণমূলের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল অঙ্গীকার।”
এলাকাবাসীর দীর্ঘদিনের প্রশাসনিক দাবির বিষয়ে তিনি বলেন, “গফরগাঁওয়ের বিশাল ভৌগোলিক পরিধি ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলে প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে ‘দক্ষিণ গফরগাঁও’কে পৃথক উপজেলা গঠন করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। জনগণের এই ন্যায্য প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি বাস্তবায়নের প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।”
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্যে সংসদ সদস্য বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়নে দলের একাধিক যোগ্য ও ত্যাগী প্রার্থী রয়েছেন। তবে বৃহত্তর দলীয় স্বার্থে দল যাকে মনোনয়ন দেবে, সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে মাঠে কাজ করতে হবে।” তিনি দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের শৃঙ্খলা ও একতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

জনসভায় মশাখালী ইউনিয়নসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক সাধারণ মানুষ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বক্তারা একটি আলোকিত গফরগাঁও ও স্বাবলম্বী দক্ষিণ গফরগাঁও বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখতে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভা শেষে প্রধান অতিথি মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
মন্তব্য করুন