স্টাফ রিপোর্টার:এ কে এম রুহুল আমিন| ঢাকা।
রাজধানীর কর্মব্যস্ত সড়কে যখন নিত্যদিনের জীবনসংগ্রাম তীব্র, তখন সমাজের অসহায়, দুস্থ ও ভাসমান মানুষের মুখে নিয়মিত খাবার তুলে দিয়ে আশার আলো দেখাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘মাস্তুল ফাউন্ডেশন’। নিজেদের নিয়মিত মানবিক কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন শহরের বিভিন্ন পয়েন্টে শত শত পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে মানসম্মত পুষ্টিকর খাবার বিতরণ করছে সংগঠনটি।
সরেজমিনে দেখা যায়, দুপুরের তীব্র রোদে বা সন্ধ্যার ব্যস্ততায় যখন ফুটপাতের দিনমজুর, রিকশাচালক ও পথশিশুরা একবেলা আহারের সন্ধানে ক্লান্ত, তখনই মাস্তুলের স্বেচ্ছাসেবীরা তাদের কাছে পৌঁছে দিচ্ছেন গরম রান্না করা খাবার। কোনো প্রকার ভেদাভেদ ছাড়াই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে এই খাবার গ্রহণ করছেন অনাহারী মানুষ।
সংগঠনের সূত্রে জানা যায়, শুধু ক্ষুধা নিবারণই নয়, খাবারের গুণগত মান এবং স্বাস্থ্যবিধির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। মাস্তুলের নিজস্ব রান্নাঘরে অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে পুষ্টিকর উপকরণ দিয়ে এসব খাবার তৈরি করা হয়। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও এই খাদ্য সহায়তা পৌঁছে দেয় সংস্থাটি।
সুবিধাভোগী ষাটোর্ধ্ব এক রিকশাচালক আবেগমথিত কণ্ঠে বলেন, “সারাদিন প্যাডেল ঘুরিয়ে যে টাকা পাই, তার অনেকটাই চলে যায় সংসারের চিন্তায়। দুপুরে হোটেলে খাওয়ার টাকা বাঁচাতে অনেক সময় এক প্যাকেট বিস্কুট আর পানি খেয়ে কাটাই। মাস্তুলের এই গরম খাবার আমাদের মতো মানুষের জন্য বিরাট এক আশীর্বাদ।”
মাস্তুল ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান, “আমাদের সমাজে এখনও বহু মানুষ রয়েছে যাদের কাছে দিনে একবেলা পেটভরে খাওয়া এক বিরাট যুদ্ধ। সমাজের কোনো মানুষ যাতে অনাহারে না থাকে, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই প্রচেষ্টা। মানুষের মুখে একমুঠো অন্ন তুলে দেওয়ার তৃপ্তি অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষ পাশে দাঁড়ালে এই কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করা সম্ভব।”
উল্লেখ্য, বিনামূল্যে খাদ্য বিতরণ ছাড়াও মাস্তুল ফাউন্ডেশন এতিমখানা পরিচালনা, ফ্রি স্বাস্থ্যসেবা, লাশ দাফন সেবা এবং সুবিধাবঞ্চিত পরিবারের স্বাবলম্বীকরণ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটির এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তরুণ প্রজন্মের কাছে স্বেচ্ছাসেবামূলক কাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
মন্তব্য করুন