স্টাফ রিপোর্টার: এ কে এম রুহুল আমিন।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের ১১২ নম্বর দত্তন্নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে এবং কেন্দ্রটি স্থায়ীভাবে বহাল রাখার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ সংলগ্ন সড়কে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি শুরু থেকেই স্থানীয় নির্বাচনে বাগবাড়ি, বাঘবেড় ও দত্তন্নপাড়া এলাকার মানুষের ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভৌগোলিক অবস্থান বিবেচনায় বিদ্যালয়টি লংগাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। ফলে দীর্ঘকাল ধরে সাধারণ ভোটাররা এখানে নির্বিঘ্নে ভোট প্রদান করে আসছেন। সম্প্রতি একটি মহল জনস্বার্থ উপেক্ষা করে কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের অপচেষ্টা চালাচ্ছে, যার ফলে সাধারণ ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সদস্য মোহাম্মদ রিপন মিয়া, গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লংগাইর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ঢালী, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোখলেছুর রহমান, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খালেদ হোসেন (মাসুম), স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ মমতাজ উদ্দিন ও আবুল হোসেনসহ আরও অনেকে।
বক্তারা অবিলম্বে এ ষড়যন্ত্র বন্ধ করে ভোটকেন্দ্রটি বর্তমান স্থানেই বহাল রাখার দাবি জানান। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান এবং গফরগাঁও উপজেলা নির্বাচন কমিশনের প্রতি আকুল আবেদন জানান তারা। অন্যথায় সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মন্তব্য করুন