স্টাফ রিপোর্টার:এ কে এমন রুহুল আমিন।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন প্রতিযোগিতা–২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের মওলানা শামছুল হুদা পাঁচবাগী (র.) মিলনায়তনে এ পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াঙ্গনের সুস্থ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক আসক্তি থেকে দূরে রাখে এবং শৃঙ্খলাবোধ শেখায়। তিনি আগামী দিনে শিক্ষার্থীদের আরও বড় পরিসরে কৃতিত্ব প্রদর্শনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ। এছাড়া স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী দল ও সেরা ক্রীড়াবিদদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ। পুরস্কার পাওয়ার আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন প্রাঙ্গণ।
মন্তব্য করুন