গফরগাঁও প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরকে যানজটমুক্ত ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এক যুগান্তকারী ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামানের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে পৌর শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পয়েন্টগুলোতে সুশৃঙ্খল ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে।
আজ থেকে পৌর শহরের প্রধান প্রধান মোড়ে ট্রাফিক কার্যক্রম শুরু হওয়ায় দীর্ঘদিন ধরে চলা অসহনীয় যানজট থেকে স্বস্তি পেতে শুরু করেছেন সাধারণ পথচারী ও যাত্রীরা।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে এবং অবৈধ পার্কিং ও বিশৃঙ্খলা রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইউসুফ এবং গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের সরাসরি তত্ত্বাবধানে এ পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে।
শহরের সবচেয়ে বেশি যানজটপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত জামতলা মোড়, রেলস্টেশন চত্বর এবং পাটমহল মোড়সহ বিভিন্ন জনবহুল স্থানে ট্রাফিক সিগন্যাল ও নিয়মতান্ত্রিকভাবে যান চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এসব পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ,আনসার সদস্যদের পাশাপাশি নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনো অবস্থাতেই সড়কের ওপর অবৈধভাবে যানবাহন দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।
এ বিষয়ে স্থানীয় পথচারী ও সচেতন নাগরিকরা জানান, জামতলা মোড় ও স্টেশন রোডের মতো এলাকায় প্রতিনিয়ত ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো। নতুন এই ট্রাফিক ব্যবস্থাপনার ফলে যান চলাচল আগের চেয়ে অনেক বেশি শৃঙ্খলার মধ্যে এসেছে। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তা নিয়মিত বজায় রাখার দাবি জানান।
গফরগাঁও উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পৌর শহরকে সম্পূর্ণ যানজটমুক্ত ও সুশৃঙ্খল রাখতে এই কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে। একই সাথে শহরের সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে চালক, যাত্রী এবং স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। ট্রাফিক আইন অমান্যকারী ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মন্তব্য করুন