মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।
দীর্ঘ প্রায় আট বছরের ভারমুক্ত হয়ে স্থায়ী অধ্যক্ষ পেল নেত্রকোনার ঐতিহ্যবাহী পূর্বধলা সরকারি কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক সাম্প্রতিক আদেশে কলেজটির নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ আকবর আলী। তিনি এতদিন নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়।
শিক্ষা প্রশাসন সূত্রে জানা গেছে, নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আকবর আলী ২২তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাঁর নিজ জেলা ময়মনসিংহ এবং গ্রামের বাড়ি ফুলপুর উপজেলায়।
আট বছর পর ভারপ্রাপ্ত নির্ভরতার অবসান।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজটি দীর্ঘ ৪৯ বছর পর ২০১৮ সালের ৮ আগস্ট সরকারি করা হয়। কলেজটি সরকারি হওয়ার পরপরই, ২০১৮ সালের ১০ আগস্ট উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই পরিচালিত হয়ে আসছিল।
এর মাঝে ২০২৫ সালের ১৫ এপ্রিল আনন্দমোহন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বাহারুল ইসলামকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছিল। সেদিন সকালে তিনি কলেজে যোগদান করলে শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে উষ্ণ বরণ করে নেন। তবে একই দিন দুপুরে এক বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে তিনি দায়িত্ব শেষ করেন। ফলে সেবার তাঁর অবস্থান স্থায়ী রূপ নেয়নি।
অবশেষে অধ্যাপক মোহাম্মদ আকবর আলীর স্থায়ী পদায়নের মধ্য দিয়ে কলেজটির দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওপর নির্ভরশীলতার অবসান হতে যাচ্ছে।
নতুন অধ্যক্ষের অভিজ্ঞ নেতৃত্ব ও দিকনির্দেশনায় পূর্বধলা সরকারি কলেজের সার্বিক একাডেমিক কার্যক্রম ত্বরান্বিত হবে এবং শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
মন্তব্য করুন