
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দল হাতে পাবে তা নির্ধারিত হবে এই নির্বাচনের মাধ্যমে। এর মধ্যেই চার কোটি ৩০ লাখের বেশি মার্কিন নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন গবেষণাগার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ আগাম ভোট জমা পড়ছে। সংস্থাটির পরিচালক অধ্যাপক মাইক ম্যাকডোনাল্ড জানিয়েছেন, এই হার বেশিরভাগ পূর্ববর্তী নির্বাচনের তুলনায় অনেক বেশি। সামগ্রিক ভোটদানের হার ২০২০ সালের নির্বাচনকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে এবং এমনকি ১৯১৪ সালের মধ্যবর্তী নির্বাচনের রেকর্ডকেও অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত টেক্সাসে ইতিমধ্যেই ২০২২ সালের মোট আগাম ভোটের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ওই রাজ্যে এখন পর্যন্ত ৫৮ লাখের বেশি ভোট পড়েছে। এছাড়া যেসব রাজ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিবন্ধন করতে হয়, সেখানে ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার হার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, রিপাবলিকানদের আগাম ভোটের সংখ্যা আগের ২০২২ সালের তুলনার কাছাকাছি রয়েছে।
অধ্যাপক মাইক ম্যাকডোনাল্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী আগাম ভোটের ৪৪ শতাংশ এসেছে ডেমোক্র্যাটদের কাছ থেকে এবং ৩১ দশমিক ২ শতাংশ দিয়েছেন রিপাবলিকানরা। পাশাপাশি, কোনো দলীয় পরিচয় নেই এমন ভোটারদের অংশগ্রহণও বেড়েছে, যারা মোট ভোটের ২৪ দশমিক ৭ শতাংশ দিয়েছেন। তবে যেসব রাজ্যে জাতি উল্লেখ বাধ্যতামূলক, যেমন নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও ফ্লোরিডা, সেখানে হিস্পানিক ও কৃষ্ণাঙ্গ ভোটারদের উপস্থিতি বাড়ার তথ্য পাওয়া গেছে।
মন্তব্য করুন