নেত্রকোনার কলমাকান্দায় দ্রুতগামী দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের পর উল্টে গিয়ে নিচে চাপা পড়ে সাউদা মনি (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাউদা মনি ওমরগাঁও গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশু সাউদা মনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের একপর্যায়ে একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে থাকা শিশুটির ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন