মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোণার পূর্বধলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের ওপর হামলা, মারধর, নগদ টাকা ছিনতাই ও অবরুদ্ধ করে রাখার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, পূর্বধলা জোনাল অফিসের আওতাধীন শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসে বিদ্যুৎ বিলের বকেয়া বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়মিত বকেয়া আদায় ও সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত ১৬ জুন ২০২৬, দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার ও মিটার রিডারসহ ছয় সদস্যের একটি দল পূর্বধলা উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর গ্রামে যায়।
সেখানে সাব্বির আহম্মেদ কাজলের নামে একটি আবাসিক বিদ্যুৎ সংযোগে পাঁচ মাসের ৯২০ টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় মিটারের ওপর সার্ভিস ড্রপে ছিদ্র করে ডিভাইসের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের আলামত পাওয়া গেলে সংশ্লিষ্ট সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযোগে বলা হয়, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন মিলে বিদ্যুৎ বিভাগের কর্মীদের ওপর হামলা চালায়। তাদের মারধর করা হয় এবং কর্মীদের কাছে থাকা প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০৩ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তাদের কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখা হয়।
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীদের উদ্ধার করে।
পরে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) বিপ্লব কুমার বর্মন লিখিত অভিযোগ দায়ের করলে পূর্বধলা থানায় মামলা নং-২৯, তারিখ ১৬ জুন ২০২৬ রুজু করা হয়। মামলায় পেনাল কোড ১৮৬০-এর ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭, ৩৪২ ও ৩৭৯ ধারাসহ বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৩(১) ও ৩৩(২) ধারা যুক্ত করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোছা. নুরুন্নাহার (৪২), স্বামী মো. সাইদুল ইসলাম এবং মোছা. আইরিন বেগম (৪৫), স্বামী মৃত মজিবর রহমান, উভয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।