মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামতলা গরুরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০৫ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে পূর্বধলা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. রিপন মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রিপন মিয়া মৃত লাল মিয়ার ছেলে। তিনি উপজেলার জামতলা গরুরহাট এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এলাকায় তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
পূর্বধলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধারকৃত গাঁজার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজুর পর শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।