গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রস্তাবিত দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক সদর দপ্তর নয়াবাড়ী মৌজায় স্থাপনের দাবিতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই প্রতিবাদ ও দাবি জানানোর কর্মসূচির আয়োজন করা হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন,গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক,গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একে এম আনসার উদ্দিন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম,মশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চমক ফকির ও নাসির উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগব্যবস্থা এবং পর্যাপ্ত খাস জমির প্রাপ্যতা বিবেচনায় নয়াবাড়ী মৌজাই প্রস্তাবিত দক্ষিণ গফরগাঁও উপজেলা সদরের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। নয়াবাড়ীতে উপজেলা সদর দপ্তর স্থাপিত হলে এ অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের প্রশাসনিক সেবা পাওয়া সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
বক্তারা আরো বলেন যে "এটি কোনো ব্যক্তি বিশেষের দাবি নয়, এটি পুরো দক্ষিণ গফরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। অবিলম্বে এই দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"
অনতিবিলম্বে নয়াবাড়ী মৌজাকে উপজেলা সদর হিসেবে চূড়ান্ত ঘোষণা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।