পিরোজপুর প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পিরোজপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হাসান জুয়েল। এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের কোথাও -বিশেষ করে পিরোজপুর সদর উপজেলায় আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গ সংগঠনের কেউ যদি নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের শক্ত হাতে দমন করা হবে।
বিবৃতিতে এই ছাত্রনেতা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা রক্ষা করা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। বিগত দিনে ফ্যাসিবাদের দোসর হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো যে অত্যাচার-নিপীড়ন চালিয়েছে, তা আর দেশের মাটিতে পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।
"জনগণের জানমালের ক্ষতি করার বা কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হলে পিরোজপুর সদর উপজেলা ছাত্রদল রাজপথে থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে তার দাঁতভাঙা জবাব দেবে।"
তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে যেকোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রশাসনকে এ বিষয়ে কঠোর ভূমিকা রাখার অনুরোধ করেন।