স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরের বরমীতে হেলিকপ্টারে চড়ে কনে নিতে এসে এক রাজকীয় বিয়ের আবহ তৈরি করেছেন বর ডা. মো. তারেক হাসান। আজ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) টাঙ্গাইলের মির্জাপুরের সন্তান ডা. তারেক হাসান ও বরমীর মেয়ে আতিয়া ইসলাম মিফতার শুভ পরিণয় সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বর ডা. তারেক হাসান মির্জাপুরের গোহাড়াই এলাকার মো. মোস্তফা মিয়ার ছেলে। কনে আতিয়া ইসলাম মিফতা বরমী ইউনিয়নের বরমী গ্রামের বাসিন্দা মো. মোস্তফা আমিনুল ইসলামের একমাত্র কন্যা।
বৃহস্পতিবার দুপুরে বর হেলিকপ্টারযোগে বরমীতে পৌঁছালে স্থানীয় হাজারো উৎসুক জনতা সেখানে ভিড় জমান।
পরে দুপুরে কনের বাড়িতে প্রীতিভোজ ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ব্যতিক্রমী এই আয়োজনে আনন্দ প্রকাশ করে নবদম্পতির সুন্দর ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে উভয় পরিবার।
মন্তব্য করুন