স্টাফ রিপোর্টার :
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় অবস্থিত মিলেনিয়াম পাবলিক স্কুল এণ্ড কলেজের পাশে অস্থায়ী ময়লার ভাগাড় গড়ে তুলেছে পৌরসভা। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আদম আলী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন যাবত পৌর এলাকার বিভিন্ন বাসা ও প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা ফেলার কারণে একটি অস্থায়ী ময়লার ভাগাড়ের সৃষ্টি হয়েছে।
পচা ও দুর্গন্ধযুক্ত ময়লা থেকে অসহনীয় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা-মাছি ও বিভিন্ন রোগজীবাণুর বংশবিস্তার ঘটছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং আশপাশের জনসাধারণের স্বাস্থ্য ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে বর্জ্য পচন ও জলাবদ্ধতার কারণে পরিবেশ দূষণ আরও তীব্র হচ্ছে এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। ময়লা পেরিয়ে প্রতিনিয়ত বিদ্যালয়ে আসতে হয় শিক্ষার্থীদের। ময়লার দুর্গন্ধে তারা ঠিকমত ক্লাস করতে পারে না। মাঠে খেলাধূলা করতে কষ্ট হয়। ময়লার দুর্গন্ধে মাঝে মধ্যে বমি হয়। প্রচন্ড দুর্গন্ধে দরজা জানালা বন্ধ করে নাক চেপে মুখে রুমাল দিয়ে ক্লাস করতে হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ আদম আলী জানান, শিক্ষার্থীদের সুস্থ, নিরাপদ ও নির্মল পরিবেশে পাঠদান নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু বিদ্যালয়ের সন্নিকটে এ ধরনের ময়লার ভাগাড় কোনোভাবেই একটি আদর্শ ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
দশম শ্রেণীর শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, এই ময়লার ভাগাড় দ্রুত অপসারণ করে আমাদের লেখাপড়ার সুস্থ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, স্কুলের সামনে ময়লা রাখার কোন নিয়ম নেই। ময়লা অতি দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ.এইচ.এম ফখরুল হোসাইন বলেন, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের পাশ থেকে ময়লা অপসারণ করা হবে।