মো:মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল উখিয়া থানার পালংখালী ইউনিয়নের পালংখালী পল্লীবিদ্যুৎ অফিসের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলযোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল এবং একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই ব্যাগের ভেতর থেকে ৫০টি এয়ারটাইট পলিপ্যাকে রাখা প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
র্যাব-১৫ জানিয়েছে, পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মোটরসাইকেলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।