এ,কে,এম, রুহুল আমিন স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ ভাড়া বাসা থেকে শফিকুল ইসলাম (২১) নামের ন্যাশনাল ব্যাংকের এক অফিস সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৫ জুন, সোমবার পৌর এলাকার পশু হাসপাতাল রোডের একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আন্দারিয়াপাড়া গ্রামের মোঃ রায়হানের ছেলে। তিনি ন্যাশনাল ব্যাংক গফরগাঁও শাখায় অফিস সহকারী পদে কর্মরত ছিলেন এবং গফরগাঁও পৌর শহরের পশু হাসপাতাল রোডে মজিবুর পুলিশের বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার ঘরের ভেতর ফ্যানের সাথে ফাঁসির দড়িতে শফিকুলের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক আলামত ও পরিস্থিতি বিবেচনায় এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।
গফরগাঁও থানা পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানা কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।