মো:মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের টেকনাফ উপজেলার খারাংখালী এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ মাস্টার নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, মারধর এবং তাঁর মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নুরুল আমিন হোয়াইকং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজী মোহাম্মদ হোছাইনের পুত্র।
ঘটনার বিবরণ:
আজ ১৫ জুন (সোমবার) প্রতিদিনের ন্যায় কর্মস্থল খারাংখালী এঞ্জেল কেয়ার একাডেমিতে যাওয়ার পথে নয়াবাজার এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে। সন্ত্রাসীরা তাঁকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে ওত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা দা, কিরিচ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা ও মারাত্মক আঘাত করে। এ সময় তাঁর সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে অধ্যক্ষের শোর-চিৎকার শুনে স্থানীয় জনতা ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে দ্রুত পালিয়ে যায়।
এলাকায় উত্তেজনা:
দিনের আলোতে একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত ও সশস্ত্র হামলার ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ, উত্তেজনা এবং চরম আতঙ্ক বিরাজ করছে।
পূর্ব শত্রুতা ও জিডি:
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, হামলাকারী সন্ত্রাসীদের সাথে তাঁর পূর্ব শত্রুতা চলছিল। ইতিপূর্বে উক্ত সন্ত্রাসীদের হাত থেকে নিজের জানমালের নিরাপত্তা বিবেচনায় টেকনাফ মডেল থানায় পরপর দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন মাস্টার নুরুল আমিন। কিন্তু এরপরও শেষ রক্ষা হয়নি।
স্থানীয় সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।