
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে বাড়ছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় ৭ নং মল্লিকবাড়ি ইউনিয়নের ৭ নং ধামশুর ওয়ার্ডের নির্বাচনী মাঠে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে জোর আলোচনায় এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় যুবদল নেতা জসিম উদ্দিন। ওয়ার্ডের সাধারণ মানুষের অধিকার আদায় ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তৃণমূল বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জসিম উদ্দিনের পক্ষে তাদের পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে ধামশুর ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো সামাজিক ও মানবিক বিপর্যয়ে তিনি সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। দলমত নির্বিশেষে যুবসমাজের আইকন হিসেবে পরিচিত এই নেতার প্রার্থী ঘোষণায় ধামশুর ওয়ার্ডের আপামর জনসাধারণের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
এক যৌথ বিবৃতিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জানান, ধামশুর ওয়ার্ডের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং একটি আধুনিক ও বৈষম্যহীন ওয়ার্ড বিনির্মাণে জসিম উদ্দিনের বিকল্প নেই। তাই তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন।
সম্ভাব্য মেম্বার প্রার্থী যুবদল নেতা জসিম উদ্দিন এক সাক্ষাৎকারে বলেন:
”আমি ক্ষমতার লোভে নয়, বরং ধামশুর ওয়ার্ডের অবহেলিত জনগণের সেবা করতে এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ জনগণই আমার মূল শক্তি। আমি ৭ নং ধামশুর ওয়ার্ডের সর্বস্তরের ভোটার, মুরুব্বি, যুবসমাজ ও মা-বোনদের কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করছি।”
তিনি আরও জানান, নির্বাচিত হতে পারলে ধামশুর ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে তিনি মহাপরিকল্পনা গ্রহণ করবেন।
ইতিমধ্যেই জসিম উদ্দিনের সমর্থনে ওয়ার্ডের পাড়া-মহল্লায়, চায়ের দোকানে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। ভোটারদের একাংশের মতে, তরুন ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা জসিম উদ্দিন নির্বাচনী মাঠে নামায় ধামশুর ওয়ার্ডের ভোটের সমীকরণে এক নতুন মাত্রা যোগ হয়েছে।
মন্তব্য করুন