সেলিম হোসেন মায়া:
শারদীয় দুর্গাপূজা ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে খাগড়াছড়ির পানছড়িতে পূজামণ্ডপ পরিদর্শন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীন এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় প্রবীণ ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, পূজাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দায়িত্বপূর্ণ এলাকায় ড্রোনের মাধ্যমে পূজামণ্ডপ পর্যবেক্ষণের পাশাপাশি সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
এ সময় পার্বত্য চট্টগ্রামের বহুজাতি ও বহুধর্মীয় ঐতিহ্য সমুন্নত রাখতে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজিবির জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির সম্পর্ক বজায় রেখে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিজিবি কাজ করে যাবে।
মন্তব্য করুন