এ কে এম রুহুল আমিন স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গফরগাঁওয়ে দক্ষতার সাথে সম্পন্ন হয়েছে দুই মাস মেয়াদী ‘কম্পিউটার ও নেটওয়ার্কিং’ প্রশিক্ষণ কোর্স। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সমাপনী সনদপত্র বিতরণ করা হয়। একই সাথে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন গফরগাও, ময়মনসিংহ।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।
সমাপনী ও আলোচনা সভায় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ও অতিথিবৃন্দ, প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যুবসমাজকে কারিগরি ও আইটি দক্ষতায় সমৃদ্ধ করা অত্যন্ত জরুরি। কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক এ প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নেই। দুই মাসের এই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রশিক্ষণার্থীদের কর্মজীবনে আত্মবিশ্বাসী করবে এবং নতুন আয়ের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে।” তিনি প্রশিক্ষণার্থীদের এই দক্ষতাকে সঠিক ও বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের হাতে সম্মাননা সনদপত্র ও যাতায়াত ভাতা তুলে দেন সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সনদপত্র হাতে পেয়ে প্রশিক্ষণার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন