স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মোঃ ছাইফুল (০৩) ও তার ফুফাতো বোন সাফা (০৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা কাঠালীডিঙ্গা গ্রামে। নিহত ছাইফুল ওই গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং সাফা একই গ্রামের মাজহারুল ইসলামের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে খেলাধুলা করার সময় হঠাৎ পাশের পুকুরের পানিতে পড়ে যায় ছাইফুল ও সাফা। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে তাদের নিথর দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
যশরা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুদের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। কান্নায় ভেঙে পড়েছেন নিহতের স্বজনরা।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন