নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা
নেত্রকোনার কলমাকান্দায় পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা আনোয়ার হোসাইন আন নাজেরীর সভাপতিত্বে ও হাফেজ মো. আনোয়ারুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভি ও যমুনা টিভির নিয়মিত ধর্মীয় আলোচক মুফতি খাজা ওয়াসমান হারুনী।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশন করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কালজয়ী আদর্শের নানা দিক তুলে ধরেন।
প্রধান আলোচকের বক্তব্যে মুফতি খাজা ওয়াসমান হারুনী বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও ন্যায়-নীতির অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর দেখানো পথ ও আদর্শ সঠিকভাবে অনুসরণ করলেই কেবল ব্যক্তি, পরিবার ও সমাজে প্রকৃত শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামায়াত কলমাকান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ বক্তব্য রাখেন। বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের পাশাপাশি সমাজে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।