বাঙালি জাতির আবহমান কাল ধরে চলে আসা কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীসহ সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ ভালোবাসায় সিক্ত করেছেন ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন।
শারদীয় এই পবিত্র উৎসবের প্রাক্কালে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বাণীতে তিনি বলেন, “উৎসব মানুষের মন থেকে সমস্ত গ্লানি মুছে দিয়ে অনাবিল আনন্দ ও মিলনের বার্তা বয়ে আনে। দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনার এক সর্বজনীন মিলনোৎসব। সমাজে বিদ্যমান সকল অশুভ শক্তি, অন্যায় ও ভেদাভেদ দূর করে সত্য, সুন্দর ও ন্যায়ের প্রতিষ্ঠা করাই শারদীয় দুর্গোৎসবের প্রকৃত শিক্ষা।”
তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। হাজার বছর ধরে এ দেশের মাটিতে বিভিন্ন ধর্ম ও মতের মানুষ পারস্পরিক সৌহার্দ্য, মৈত্রী ও শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই সম্প্রীতির সুমহান ঐতিহ্যই আমাদের বাঙালি জাতির সবচেয়ে বড় শক্তি ও অহংকার। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের সকলের দায়িত্ব হলো এই সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করা এবং সকল ষড়যন্ত্র ও বিভেদের ঊর্ধ্বে উঠে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষে একসঙ্গে কাজ করা।”
বাণীর শেষাংশে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি, আগামী দিনগুলোতে দেশের প্রতিটি মানুষ যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করতে পারে এবং এই শারদীয় দুর্গোৎসব সকলের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক এই ঐকান্তিক প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন