নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে একটি পরিকল্পিত পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় জেলার সম্ভাবনাময় এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের জামদানি তাঁতপল্লি, চন্দ্রডিঙ্গা পাহাড় ও পাতলাবন এবং লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ী, চেংনী ও সাত শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থল ঘুরে দেখেন। এর আগে গত ৮ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের (পর্যটন-১ শাখা) এক অফিস আদেশে দুর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলার পর্যটন এলাকা পরিদর্শনে এই বিশেষ দলটি গঠন করা হয়।
পরিদর্শনকালে মো. সামীমুজ্জামান বলেন, ‘ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় আমরা সম্ভাবনাময় স্থানগুলো পরিদর্শন করছি।
পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অঞ্চলটিকে একটি আধুনিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে।’
এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, ট্যুরিজম বোর্ডের ড. প্রকাশ কান্তি চৌধুরী, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নিয়ন্ত্রক, হোটেল ও রেস্তোরাঁ সেল), অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, কলমাকান্দার ইউএনও এন.এম. আব্দুল্লাহ আল মামুন, ওসি মো. সোহেল রানা এবং সীমান্তবর্তী তিন ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বাবুল, মো. ওবায়দুল হক ও মো. সাইদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
স্থানীয় ও পর্যটনসংশ্লিষ্টদের মতে, উন্নত সড়ক যোগাযোগ, মানসম্মত আবাসন ও প্রচারের অভাবে ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই স্থানগুলো এতদিন প্রত্যাশিত পরিচিতি পায়নি। সমন্বিত মহাপরিকল্পনার আওতায় উন্নয়ন ঘটানো গেলে নেত্রকোনা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।



