এ কে এম রুহুল আমিন (স্টাফ রিপোর্টার):
শহর ছাড়িয়ে ডেঙ্গুর প্রকোপ এখন ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মফস্বল ও গ্রামাঞ্চলে। এর ব্যতিক্রম নয় ময়মনসিংহের গফরগাঁও উপজেলাও। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসার জন্য ভিড় করছেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে এত ডেঙ্গু রোগী ভর্তি থাকলেও হাসপাতালে নেই কোনো সুনির্দিষ্ট বা আলাদা ওয়ার্ড। ফলে সাধারণ রোগীদের সাথেই একই ওয়ার্ডে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে তাদের, যা স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ডেঙ্গু রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো সুব্যবস্থা বা ডেঙ্গু কর্নার না থাকায় তাদের সাধারণ রোগীদের সাথে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ডেঙ্গু ওয়ার্ড না থাকায় রোগীদের বেডে মশারি টানানোর কার্যকর কোনো ব্যবস্থাও চোখে পড়েনি।
এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের কাছে জানতে চাইলে তারা জানান, রোগীদের মশারি ব্যবহারের জন্য তাদের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হলেও রোগীরা তা মানতে চাচ্ছেন না।
স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সুনির্দিষ্ট নির্দেশনা এবং বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের এসব নির্দেশনার তোয়াক্কা না করেই চলছে হাসপাতালের দৈনিক চিকিৎসা কার্যক্রম।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা পরিস্থিতির কথা স্বীকার করেন। তবে জায়গা সংকট ও অন্যান্য কাঠামোগত সীমাবদ্ধতার কারণে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কর্নার প্রস্তুত করা সম্ভব হচ্ছে না বলে জানান তারা।
বিশেষজ্ঞ চিকিৎসক ও সচেতন মহলের মতে, সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের একসাথে রাখার কারণে হাসপাতালে ‘ক্রস-ইনফেকশন’ বা রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে। সাধারণ রোগীরা নতুন করে মশার কামড়ে ডেঙ্গুর ঝুঁকিতে পড়ছেন, অন্যদিকে ডেঙ্গু রোগীদের শারীরিক অবস্থাও জটিল আকার ধারণ করতে পারে।
গফরগাঁওয়ের গ্রামগঞ্জে ডেঙ্গুর বিস্তার রোধ এবং হাসপাতালে ক্রস-ইনফেকশন ও সংক্রমণ ঝুঁকি কমাতে অবিলম্বে ডেঙ্গু রোগীদের জন্য একটি আলাদা ওয়ার্ড বা বিশেষ জোন চালুর জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। অন্যথায় এই পরিস্থিতি ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।



