দ্বীন মোহাম্মদ,
বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুমাইয়া (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গফরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাঘাইচটি গ্রামের কুমার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ফায়ার সার্ভিস ও গফরগাঁও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া ওই এলাকার জাকারিয়ার স্ত্রী। প্রায় চার বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে স্বামী জাকারিয়ার সঙ্গে সুমাইয়ার সর্বশেষ কথা হয়। এরপর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় এবং ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাত ৮টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘরের দরজা খোলার চেষ্টা করেন। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টার পর দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুমাইয়াকে দেখতে পান। পরে গফরগাঁও থানা পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মশিউর রহমান ও পুলিশের উপপরিদর্শক (এসআই) বিপ্লবসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আরও জানা যায়, নিহত সুমাইয়া বাড়ির মালিক আরিফ রব্বানীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বাড়িটি মালিকের ভাই সোহাগের (৫২) নামেও স্থানীয়ভাবে পরিচিত।
এদিকে মাত্র ২৪ বছর বয়সী এক গৃহবধূর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে।



