স্টাফ রিপোর্টার: এ কে এম রুহুল আমিন ।
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ উপলক্ষে শনিবার (০৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (র.) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫৫,ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ) আসনের জাতীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটির চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আক্তারুজ্জামান বলেন, "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে সকল ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।"
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ দিবসের তাৎপর্য তুলে ধরে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



