সেলিম হোসেন মায়া
নিজস্ব সংবাদদাতা
খাগড়াছড়ি জেলার পানছড়িতে শিক্ষার মানোন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সহায়তার অংশ হিসেবে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)
সোমবার ( ২৪ আগস্ট ২০২৬) সকাল ১১টা থেকে এ সহায়তা সামগ্রী বিতরণ করেন লোগাং জোন ও ৩ বিজিবি'র জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।
এসময়, উপজেলার মধ্য নগর নূরানী তালিমুল কুরআন মাদ্রাসায় ঢেউ টিন, ওমর পুর তালিমুল নূরানী কোরআন মাদ্রাসা ও এতিমখানায় বৈদ্যুতিক ফ্যান ও ব্যাটারি, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় আইপিএস ও ব্যাটারি, ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন খেলা সামগ্রী বিতরণ করেন এবং প্রতিটি প্রতিষ্ঠানে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
এছাড়াও একজন অসহায় মহিলাকে তার বাবার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন।
সহায়তা প্রদানকালে জোন অধিনায়ক বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো জাতি গঠনের মূল ভিত্তি। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে এবং ধর্মীয় শিক্ষার পরিবেশ উন্নত করতে বিজিবি সবসময় পাশে থাকবে। আজকের এই ক্ষুদ্র সহায়তা যেন শিক্ষার্থীদের লেখাপড়া ও প্রতিষ্ঠানের কার্যক্রমে গতি আনে সেই প্রত্যাশা করি।
তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখতে শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
মধ্য নগর নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান মুফতি মহিউদ্দিন বলেন, টিন ও গাছের চারা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। বিজিবির এই সহায়তা আমাদের মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আমরা বিজিবির প্রতি কৃতজ্ঞ।
ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদেক হোসেন বলেন, শিক্ষা সামগ্রী ও খেলার সরঞ্জাম পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে তাদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশেও সহায়তা হবে। বিজিবির এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
সহায়তা বিতরণকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কুল কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।