মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোণা ।
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন থাকা বিদ্যুৎ লাইন পুনরায় অবৈধভাবে চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামের জাহের আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বকেয়া থাকা ৬ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ না করায় প্রায় তিন মাস আগে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বাবুল মিয়ার বাড়ির বিদ্যুতের সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। শুক্রবার রাতে তিনি পল্লী বিদ্যুতের মূল লাইন থেকে নিজে নিজেই অবৈধভাবে সংযোগ চালুর চেষ্টা চালান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশকাকুনী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন।
এ বিষয়ে পূর্বধলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) দুলাল হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত ছিলেন না। তবে খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।