
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রজেক্টের আওতায় ২৯ জুন মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা দৌলত আলীর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম এবং ব্যানার ও ফেস্টুন কমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক মো. ওমর ফারুক। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন কমিটির সদস্য সচিব সহকারী শিক্ষক আরমান রহমান।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা দৌলত আলী বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নতুন প্রজন্মকে সচেতন করা আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু হওয়া এই সবুজ উদ্যোগ টেকসই পরিবেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।”
ব্যানার ও ফেস্টুন কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুক বলেন, “শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতেই শিক্ষকমণ্ডলীর সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।”
সরকারি নির্দেশনার আলোকে আয়োজিত এই কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন ও সচেতনতাবিষয়ক নান্দনিক দেয়ালিকা ও ফেস্টুন তৈরি করে। আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।
মন্তব্য করুন