পলাশ পাল, স্টাফ রিপোর্টার
অবকাঠামো উন্নয়ন, উন্নত নাগরিক সেবা,সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে আজ ২৫শে জুন বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা হল রুমে এক আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১৫,৭২,৩৮,৩৯৭.০০ টাকার বাজেট ঘোষণা দেওয়া হয়। আয়োজিত এ বাজেট অনুষ্ঠানে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, পৌরবাসীর প্রত্যাশা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত, জনকল্যাণমুখী ও উন্নয়নবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। উক্ত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার পরিধি যেমন বৃদ্ধি পাবে তেমনি অবকাঠামোগত উন্নয়ন এবং পৌর এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাজেট উপস্থাপনকালে বিভিন্ন উন্নয়ন খাতে সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। বিশেষ করে সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন কার্যক্রম, পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দের বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সাইফুল আমিন, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
বাজেট ঘোষণা শেষে ইউএনও আমেনা খাতুন বলেন, “মোহনগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা নিয়মিত কাজ করে চলছি । তিনি আশ্বস্ত করে বলেন, সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেটের প্রতিটি খাত বাস্তবায়ন করা হবে। উল্লেখিত বাজেটে নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত উপস্থিত বক্তারা পৌরসভার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকল মহলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পৌরবাসীর প্রত্যাশা পূরণে জনসেবামুখী কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।