মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর
১৮/১১/২০২৬ আজ রোজ বুধবার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর। দাবির পক্ষে রাজপথে নেমে মালেকের বাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দফায় দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ সময় হারিকেন ফ্যাক্টরি এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। শ্রমিকরা বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভ চালিয়ে যান।
সকাল থেকেই মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাদের সরিয়ে দিলে শ্রমিকরা অন্য স্থানে গিয়ে আবারও সড়কে অবস্থান নেন। এভাবে কয়েক দফা অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ বারবার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত থাকে। এ সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
শ্রমিক বিক্ষোভের কারণে গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেককে বিকল্প পথে গন্তব্যে যেতে দেখা যায়। এদিকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাহীনতার মুখে বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত গাছা ও বাসন সড়ক এলাকার অনেক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বিক্ষোভকবলিত এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন



