আদিলুর রহমান
নিজস্ব সংবাদদাতা
আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে বইছে আগাম নির্বাচনি হাওয়া। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা না করলেও নগরীর প্রধান রাজনৈতিক দলগুলোর কার্যালয়, সামাজিক সংগঠন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দৃশ্যমান হয়ে উঠেছে।
ময়মনসিংহে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ে হেভিওয়েট অনেক নেতা মেয়র প্রার্থী হচ্ছেন। দীর্ঘদিন পর প্রকাশ্য নির্বাচনে অংশ নেওয়ার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিতে যোগ্য প্রার্থী মনোনয়নের প্রতিযোগিতা তুঙ্গে। তবে দলের অভ্যন্তরে হেভিওয়েট একাধিক নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসছে।
এর মধ্যে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন- দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও বর্তমান সিটি প্রশাসক মোহাম্মদ রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এমএ হান্নান খান, মহানগর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক শাহ শিব্বির আহাম্মদ বুলু। আর একক প্রার্থী হিসেবে মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার অনেকটা নির্ভার।
ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকনকে ঘিরে স্থানীয় রাজনীতি ও সাধারণ নগরবাসীর মধ্যে নতুন কৌতূহল ও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা বর্তমান প্রশাসকের দায়িত্ব পালনের পাশাপাশি নগরকে আধুনিক ও তিলোত্তমা সিটিতে রূপান্তরের বিভিন্ন রূপরেখা সামনে আনছেন। তিনি দলটির একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।
রুকুনোজ্জামান রোকন বলেন, দল যদি আমাকে মেয়র পদে নিবার্চন করতে বলে অবশ্যই নির্বাচন করব এবং নগরবাসীর সেবা নিশ্চিত করার জন্য সবাইকে নিয়ে আন্তরিকভাবে কাজ করব।
তিনি আরও বলেন, আমি নগর পিতা হতে চাই না, নগরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। নগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দিন রাত কাজ করে যাচ্ছি। যত্রতত্র ময়লা ফেলা বন্ধে জোনভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং নগরীকে প্লাস্টিক ও দূষণমুক্ত করার লক্ষ্যে নাগরিকদের অংশগ্রহণে ক্যাম্পেইনের পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া সিটি করপোরেশনের সেবাসমূহ পায় তা নিশ্চিত করতে ডিজিটাল সেবা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে বর্ষাকালে নগরীর জলজট দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তিনি জোর দিচ্ছেন।
বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী প্রার্থী এনামুল হক আকন্দ লিটন। তিনি বিএনপির একজন অন্যতম সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে স্থানীয় রাজনীতিতে পরিচিত। তিনি ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি জেলা ও মহানগর বিএনপি নেতা হিসেবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি একাধিকবার গ্রেফতার ও রিমান্ডের মুখোমুখি হয়েছেন। দলীয় কর্মসূচির পাশাপাশি মহানগর ও সদর এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার নিয়মিত অংশগ্রহণ রয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তাকে আগামী সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার জোরালো দাবি রয়েছে।
এনামুল হক আকন্দ লিটন বলেন, দলের সিদ্ধান্তে ইতিবাচক সাড়া পেলে এবং বিএনপি থেকে আমাকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হলে তিনি নির্বাচনি মাঠে নামবেন বলে নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন