
হাবিবুল ইসলাম
স্টাফ রিপোর্টার :
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং আটপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসুদ খান বাবুকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা চলছে। তৃণমূল থেকে উঠে আসা এই মেধাবী ছাত্রনেতা তার রাজনৈতিক জীবনের কঠিনতম সময়েও অটল থেকে ছাত্রদলের রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকা মাসুদ খান বাবুকে দমাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার নানা কূটকৌশল অবলম্বন করেছিল বলে অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের সময় তাকে দমানোর জন্য হামলা ও মিথ্যা মামলার খড়গ চালানো হয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি কারা নির্যাতনেরও শিকার হন।
জানা যায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের ধারায় বিভিন্ন সাজানো মামলায় তাকে দীর্ঘদিনের কারাদণ্ড ও দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছিল। তবুও অন্যায়ের সাথে আপস করেননি এই ছাত্রনেতা। কারাগারের চার দেয়ালও তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।
নেত্রকোনার স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা জানান, মাসুদ খান বাবু কেবল একজন দক্ষ সংগঠকই নন, বরং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এক সাহসী যোদ্ধা। তার জেল-জুলুম ও ত্যাগের ঘটনা তৃণমূল ছাত্রদলের কর্মীদের মাঝে নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে।
আটপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে তিনি সামনের দিনগুলোতে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার এই দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও আপসহীন লড়াইয়ের বিষয়টি বর্তমানে আটপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
মন্তব্য করুন